আল জাজিরা
উত্তর কোরীয় নেতা কিম জং উনের আবারও খবর মিলছে না। গত তিন সপ্তাহ ধরে তাকে জনসন্মুখে দেখা যায়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। এ সময় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও তার কোনো সংবাদ বের হয়নি। বিশ্লেষকদের ধারণা, তার নতুন করে কোনো খবর না পাওয়ার বিষয়টি আগের ঘটনার সঙ্গে যথেষ্ট মিল রয়েছে।
এর আগে তার নিরুদ্দেশ হওয়ার পিছনে কারণ হিসাবে ধরা হয়েছিল তিনি করোনা থেকে দূরে থাকতেই এ পথ বেছে নিয়েছেন। যদিও দেশটির তরফ থেকে বলা হয়েছে, তাদের করোনা আক্রান্ত কোনো রোগী নেই। গত মাসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিমকে না দেখার পিছনে সেই কারণকেই মুখ্য বলে ধরা হয়েছিল। এপ্রিল ও মে মাসে কিম চার বার জনসম্মুখে এসেছিলেন। অথচ গত বছর একই সময়ে তিনি ২৭ বার জনসম্মুখে এসেছিলেন। কোরিয়া রিস্ক গ্রুপের প্রধান নির্বাহী শাদ ও’ক্যারল জানান, ২০১১ সালে ক্ষমতায় আসার পর উন সবচেয়ে কম জনসম্মুখে এসেছিলেন ২০১৭ সালে। ঐ বছর তাকে ২১ বার জনসম্মুখে দেখা গিয়েছিল। তিনি বলেন, ‘এটা কোনো স্বাভাবিক কর্মকাণ্ড নয়।’ অবশ্য দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিশ্বাস করোনার সংক্রমণ এড়াতেই কিম জনসমাবেশ এড়িয়ে চলছেন। দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রীর কাছে শুক্রবার উনের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে উনের জনসম্মুখে কম উপস্থিতি নতুন কিছু নয়।
