বৃত্তির টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিল তিন শিক্ষার্থী

আপডেট : ২২ মে ২০২০, ২২:১৭

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা

মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রাথমিক বৃত্তির টাকা অনুদান দিয়ে প্রশংসা কুড়িয়েছে খুদে শিক্ষার্থী আশেকে রাসুল গোলাম মোরশেদ প্রহর। প্রহর পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া গ্রামের আ. রা: তৈবুর রহমান ওরফে টইম সাহেবের ছেলে। প্রহর নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে গত বছর নারায়ণগঞ্জ আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এই বৃত্তির প্রথম ছয় মাসের ৩ হাজার টাকা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছে সে। তার এই অনুদানে মুগ্ধ হয়ে লিখিতভাবে শুভেচ্ছা পাঠিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ হাজার টাকা অনুদান জমা দেওয়ার পর ফেসবুক পোস্টে প্রহর লিখে ‘নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমার বৃত্তির টাকার একটি অংশ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি সারাদেশের বৃত্তি পাওয়া বন্ধুদের আবারও অনুরোধ করছি, জাতির বৃহত্ স্বার্থে করোনা ভাইরাস এর প্রকোপ হতে দিনমজুর, গরিব, ভিক্ষুক ও অসহায় মানুষদের বাঁচানোর জন্য তোমাদের বৃত্তির টাকার একটা অংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করো। আমাদের টাকা দিয়ে যদি প্রধানমন্ত্রী কিছু মানুষের খাবারের ব্যবস্থা করতে পারে তাহলে আমাদের বৃত্তি পাওয়া সার্থক হবে।

প্রহরের বাবা বলেন, পড়ালেখার পাশাপাশি প্রহর নারায়ণগঞ্জ জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান। জীবিকার তাগিদে তার পরিবারকে বেশির ভাগ সময় নারায়ণগঞ্জে অবস্থান করতে হয়।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ভূঞাপুরের ইশরাক তরফদার রিজন ও মিথিলা আক্তার রিহা তাদের বৃত্তির ১৩ হাজার ৪০০ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। বৃহস্প?তিবার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের হাতে তারা এ টাকা তুলে দেন।

শিক্ষার্থী রিজন ও মিথিলা উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের শাহিনুল ইসলাম তরফদার বাদল ও শিক্ষিকা আরিফা খাতুনের সন্তান। রিজন সরকারি এম এম আলী কলেজের অনার্সের ও মিথিলা ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রিজন বলেন, আমরা ভাই-বোন অষ্টম ও পঞ্চম শ্রেণিতে বৃত্তি পাই। আমাদের ইচ্ছে ছিল এই টাকা ভালো কাজে ব্যয় করা।

এসময় উপস্থিত ছিলেন স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন, রিজন ও মিথিলার বাবা ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম তরফদার বাদল।