নারায়ণগঞ্জ ময়মনসিংহ মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত

আপডেট : ২২ মে ২০২০, ২২:১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছেন। মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশার সঙ্গে ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় পিকআপের তিন জন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চার জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন চাঁদপুর জেলার মতলব থানার রফিকুল ইসলাম, গাইবান্ধা জেলার পলাশবাড়ি এলাকার মিন্টু মিয়া ও মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী এলাকার বোরহান উদ্দিন। তবে আহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি। নিহত ও আহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন এবং তারা কাঁচামাল ব্যবসায়ী। দুর্ঘটনাকবলিত পিকআপ ও মাইক্রোবাসটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক। আহতদের ঢাকা মেডিক্যালে পাঠানো  হয়েছে।

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বড়ইতলা নামক স্থানে বুধবার রাতে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী চাঁদপুরের সাজেদা ফাউন্ডেশনের কর্মকর্তা মো. সেলিম মিয়া গুরুতর আহত হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ঐ রাতেই তিনি মারা যান। সে জামালপুর জেলার মেলান্দহ থানার পাছপয়লা গ্রামের মো. নুরুজ্জামানের পুত্র। এ ঘটনায় গৌরীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখানে শুক্রবার বিকালে সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া (২৩) নামে  ট্রাকচালক নিহত হয়েছে। এতে ট্রাকচালকের সহকারী ও অটোরকিশা চালক গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বালুরচর ধলেশ্বরী ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চালক নিহত সোহাগ উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামের আমির হামজার ছেলে। আহত অটোরিকশা চালক হিরু মিয়া (৫০) ও ট্রাক চালকের সহকারী আফসার উদ্দিনকে (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।