দুর্ঘটনার কারণ তদন্তে কমিটি গঠন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহস্পতিবার রডবাহী ট্রাক উলটে নিহত ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা প্রায় সকলেই পেশায় শ্রমিক ও দিনমজুর। তাদের লাশ বৃহস্পতিবার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গাইবান্ধা জেলা প্রশাসক নিহতদের প্রতিটি পরিবারকে ১০ হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। এদিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। ঐ কমিটির আহ্বায়ক গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নেছা, সদস্য সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. আসাদুজ্জামান ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী। তদন্তকালে আইন অমান্য করে ঢাকার গাজীপুর থেকে নিহতরা মালামাল পরিবহনকারী ট্রাকযোগে কীভাবে আসল, দুর্ঘটনার কারণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় তদন্তপূর্বক আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে এ কমিটিকে বলা হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুল মোত্তালিব ওরফে মহসিন মিয়া (২৩), রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ষোলঘরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইমরান মিয়া (২২), ডাসারপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে আব্দুল হান্নান (১৮) ও মো. আনারুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২০), শানেরহাট বড়পাহাড়পুর গ্রামের মকবুল হোসেনের ছেলে রিকশাচালক এরশাদ ওরফে রেলা (৩৫) এবং তার ছেলে ওবায়দুল (৮) ও আকাশ (১৫), ধল্লাকান্দি গ্রামের ইছা খানের ছেলে আল-আমিন (১৭) ও ফুল মিয়ার ছেলে ইছাহাক খান (১৪), ঢোরাকান্দর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে শামছুল আলম (৬৫) ও তার নাতি ঐ গ্রামের সুমন মিয়ার ছেলে সোয়াইব (৭), রংপুরের কাউনিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার করপোড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে মিজানুর (২৭)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রাকভর্তি লোহার রডের ওপর ত্রিপলে ঢাকা ছিল এই ১৩ জন।
