পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আসে আত্মসংযম ও আত্মশুদ্ধির বাণী নিয়ে। আমরা পবিত্র রমজান মাসে পরম করুণাময় আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য যে সংযম ও সাধনা করেছি, ঈদুল ফিতর সেই ত্যাগ এবং সংযমের এক মহাপুরস্কার। এ বছর ঈদুল ফিতর এসেছে এমন এক সময়ে, যখন আমাদের দেশসহ সারাবিশ্ব করোনা ভাইরাসের মহামারিতে এবং প্রাণহানিতে গভীরভাবে আক্রান্ত। আমরা ঈদের এই দিনে পরম করুণাময় আল্লাহতালার কাছে এই দুর্যোগ অবসানে তার রহমত ও সাহায্য কামনা করব। বিশেষ করে, আমাদের দেশে ঘূর্ণিঝড় আম্ফানে যাদের জানমালের ক্ষতি হয়েছে আমরা তাদের জন্যও আল্লাহতালার বিশেষ অনুগ্রহ প্রার্থনা করি। সবাইকে ‘ঈদ মোবারক’।
