ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ অপব্যবহারে এমএসএফের উদ্বেগ

আপডেট : ২২ মে ২০২০, ২২:৫৩

ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ অপব্যবহারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। গত বৃহস্পতিবার ভোরে স্থানীয় ‘দৈনিক আমার হবিগঞ্জ’ পত্রিকার সম্পাদক প্রকৌশলী সুশান্ত দাশ গুপ্তকে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ গ্রেফতার করায় তারা ক্ষোভ প্রকাশ করেছে।

সংগঠনটি গতকাল এক বিবৃতিতে জানায়, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জহিরের বিরুদ্ধে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের কারণে সুশান্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জহির। অথচ এমপি জহিরের বিরুদ্ধে কী অপপ্রচার চালানো হয়েছে জানতে চাইলে, কোনো জবাব দিতে চাননি মামলার বাদী।

এমএসএফ বলছে, বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনটি উদ্বেগজনকভাবে অপব্যবহারের মাধ্যমে নাগরিক ও গণমাধ্যমকর্মীদের নানাভাবে হয়রানি, হুমকি ও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।  গত ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত  ডিজিটাল নিরাপত্তা আইনে ৪১ জনের বিরুদ্ধে মামলা  হয়েছে। এমএসএফ মনে করে, ডিজিটাল নিরাপত্তা আইনে সম্পাদক, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে নাগরিকদের মুক্ত চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার স্বাধীনতাকে হরণ করার অপচেষ্টা সরকারের হীনম্মন্যতার বহিঃপ্রকাশ।—প্রেস বিজ্ঞপ্তি।