খাশোগির হত্যাকারীদের ক্ষমা করে দিলেন ছেলেরা

আপডেট : ২২ মে ২০২০, ২৩:০২

মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির পাঁচ ঘাতককে ক্ষমা করে দিয়েছেন তার ছেলেরা। সৌদি আরবের আদালত পাঁচ ঘাতকেরই মৃত্যুদণ্ড দিয়েছিল। তবে খাশোগির ছেলেদের এই ক্ষমা প্রদর্শনকে মেনে নিতে পারছেন না খাশোগির তুর্কি প্রেমিকা তথা বাগদত্তা হেতিস সেনজিগ। খবর আল জাজিরার

ছেলেদের ক্ষমা প্রদর্শন

জামালের এক পুত্র সালা খাশোগি শুক্রবার টুইটার বার্তায় জানান, তার বাবার হত্যাকারীদের তারা ক্ষমা করে দিয়েছেন। ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে তার বাবাকে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, পবিত্র মাসের পবিত্র রাতে আল্লাহর এক বাণীকে স্মরণ করছি। তিনি বলেছেন, কেউ যদি কাউকে ক্ষমা করে এবং সমন্বয় করে তাহলে তার পুরস্কার স্বয়ং তিনিই (আল্লাহ) দেবেন। আল্লাহর কাছ থেকে সেই পুরস্কারের আশায় হত্যাকারীদের আমরা পরিবারের সবাই ক্ষমা করে দিচ্ছি। সৌদি আরবের আইন অনুযায়ী, হত্যার শিকার হওয়া ব্যক্তির পরিবার যদি ক্ষমা করেন তাহলে হত্যাকারীদের মৃত্যুদণ্ড রদ করা যায়। খুনের ঘটনার জন্য ইতিমধ্যেই সৌদি আরবের রাজ আদালত থেকে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ পেয়েছেন সালা ও জামাল খাশোগির অন্য ছেলেরা।

বাগদত্তার বিরোধিতা

ক্ষমা প্রদর্শনের নিন্দা করেছেন খাশোগির তুর্কি বাগদত্তা হেতিস সেনজিগ। তার কথায়, খাশোগি খুনের নৃশংস ঘটনাকে কখনোই ক্ষমা করা যায় না। তিনি গতকাল টুইটার বার্তায় বলেন, হত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারো নেই। ব্রিটেনভিত্তিক সৌদি মানবাধিকার সংগঠন এএলকিউএসটির প্রধান ইয়াহিয়া আসিরিও হেতিসের সুরে সুর মিলিয়েছেন। তিনি বলেছেন, খাশোগির হত্যাকাণ্ড পারিবারিক বিষয় নয়। এটা স্বাভাবিক ভুল কিংবা ব্যক্তিগত  বিরোধিতার কারণে হয়নি। রাজনৈতিক কারণে খাশোগিকে হত্যা করা হয়েছে। সৌদি আরবের দৈনিক আরব নিউজ জানিয়েছে, পাঁচ ঘাতকের যাতে মৃত্যুদণ্ড যাতে না হয়, সেই ব্যাপারেই ক্ষমা প্রদর্শন করেছেন খাশোগির ছেলেরা। তার মানে এই নয় যে, কোনো শাস্তি হবে না।