উপদেশ না দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিন :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ মে ২০২০, ০০:৪০

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে দাতা সংস্থাগুলোর বিরোধিতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, উপদেশ না দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেন। দাতা সংস্থাগুলোর কর্মকর্তাদের ইঙ্গিত করে বলেন, তাদের বিরোধিতার একটি কারণ হলো ভাসানচরে কোনো বিলাসবহুল হোটেল সুবিধা নেই।

গতকাল শুক্রবার রাজধানীতে নিজের বাসভবনে থেকে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আমরা ভাসানচরে নিলে রাখাইনে তারা যে ধরনের কাজ করত, সে ধরনের কাজ করতে পারবে। কিন্তু কেন যে দাতা সংস্থাগুলো এ নিয়ে অসন্তুষ্ট তা বুঝতে পারছি না। তিনি বলেন, কুতুপালংয়ে থাকলে মাত্র ১৫ কিলোমিটার দূরে কক্সবাজারের নামি-দামি হোটেলে তারা থাকতে পারেন। দায়িত্ব পালন শেষে সেখান থেকে বিকাল ৩টায় কক্সবাজারে ফিরে বাকি সময় তারা আড্ডা এবং ঘুমিয়ে কাটাতে পারেন।