ঈদে বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানে ঘোরাঘুরি নয় -------- র্যাব মহাপরিচালক

আপডেট : ২৩ মে ২০২০, ০০:৪৩

এবার ঈদের দিনে কোনো বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি অথবা দর্শনীয়  স্থানে জমায়েত হওয়া যাবে না। বিনোদনকেন্দ্র বা দর্শনীয় স্থানগুলোতে র্যাবের নজরদারি থাকবে। জমজমাট ঈদ উদ্যাপন অন্য কোনো ঈদে করা যাবে। গতকাল র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঈদে আইনশৃঙ্খলা নিয়ে র্যাবের নানা পদক্ষেপ তুলে ধরে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

র্যাব মহাপরিচালক এবার ঈদুল ফিতরে ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ঘরে থাকুন। এবার একেবারেই ভিন্ন এক প্রেক্ষাপটে আমরা দেশবাসী পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করতে যাচ্ছি। যখন প্রায় প্রতিটা জেলা করোনা আক্রান্ত। তার মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাত। দেশবাসীকে অনুরোধ করব, ঈদের দিনে কেউ ঘোরাফেরার জন্য বাইরে বের হবেন না। আপনারা ঘরে থাকুন, আপনাদের জন্য আমরা আছি বাইরে।

র্যাব মহাপরিচালক বলেন, আমরা প্রত্যেক বছর খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের নামাজ আদায় করে থাকি। কিন্তু এবার করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারি নির্দেশনা মতে মসজিদগুলোতে একটা নির্দিষ্ট সময় বিরতিতে একাধিক ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদের নামাজকে ঘিরে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি র্যাব নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। অন্যবার ঈদের নামাজকে ঘিরে অল্প সময়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন হতো। কিন্তু এবার মসজিদে ঈদের নামাজ হওয়ার কারণে দীর্ঘসময় ধরে নিরাপত্তা ব্যবস্থা আমাদের করতে হবে। সেজন্য মসজিদ কমিটি ও সম্মানিত মুসল্লিদের প্রতি অনুরোধ, আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে আসবেন, লাইন ধরে আসবেন, নামাজ শেষে একটা নির্ধারিত সময় গ্যাপ দিয়ে ঈদের দ্বিতীয় বা তৃতীয় বা পরের জামাতের আয়োজন বা ব্যবস্থা করবেন।

ঈদুল ফিতরের নামাজকে ঘিরে এবং এই করোনার মধ্যে উগ্রবাদী, সন্ত্রাসী কিংবা জঙ্গিবাদী কোনো হুমকি বা হামলার ব্যাপারে শঙ্কা আছে কি-না জানতে চাইলে র্যাব মহাপরিচালক বলেন, এই সংকটময় মুহূর্তে র্যাব তাদের দায়িত্ব পালনে পিছপা হয়নি বরং চলমান যে প্রক্রিয়া সেটা আরো গতিশীল ও ত্বরান্বিত রেখেছে। করোনা সংকট র্যাবকে দমিয়ে রাখতে পারবে না। দেশ ও জনগণের পাশে থাকবে।