করোনায় মারা গেলেন সাবেক অতিরিক্ত সচিব

আপডেট : ২৩ মে ২০২০, ০০:৫১

করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সদ্য অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া অতিরিক্ত সচিব তৌফিকুল আলম মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে তিনি চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বিসিএস অষ্টম ব্যাচের (১৯৮৬) এই কর্মকর্তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফনের সিদ্ধান্ত হয়েছে। প্রয়াত তৌফিকুল আলম সর্বশেষ তথ্য কমিশনের সচিব ছিলেন। গত ফেব্রুয়ারি থেকে তিনি পিআরএলে যান।

এপ্রিলের প্রথমেই করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন তৌফিকুল আলম। তাকে ঢামেক করোনা ইউনিটে ভর্তি করা হয়। শুরুতে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। কিছুদিন পর তিনি কিছুটা সুস্থ হলে তাকে ভিআইপি কেবিনে নেওয়া হয়। এরপর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সবশেষ তাকে হাসপাতালের নতুন ভবনের আইসিইউতে নেওয়া হয়। চিকিত্সাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

তৌফিকুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। তথ্যমন্ত্রী ও প্রধান তথ্য কমিশনার পৃথক শোকবার্তায় তৌফিকুল আলমের দীর্ঘ চাকরি জীবনের কথা স্মরণ করেন। তারা তার আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও তৌফিকুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

এর আগে গত ৬ এপ্রিল প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক জন পরিচালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এ ছাড়া মাঠ প্রশাসনের বেশ কিছুসংখ্যক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।