করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। তবে তিনি সুস্থ আছেন। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবারও তিনি সিলেটের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়েছেন বলে জানা গেছে।
শরীরে জ্বর অনুভব করায় বুধবার নিজেই করোনা পরীক্ষার উদ্যোগ নেন নাদেল। তিনি করোনা পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বাসায় গিয়ে তার নমুনা সংগ্রহ করেন ওসমানী মেডিক্যাল কলেজের স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার রাতে ঐ কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এ ব্যাপারে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, বৃহস্পতিবার রাতে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানার পর থেকেই আমি বাসায় আইসোলেশনে আছি। এখনো সুস্থ আছি। তিনি দেশবাসীর কাছে দোয়া চান।
