রাজনীতির বাইরেও একজন সাধারণ মানুষ হিসেবে শেখ হাসিনাকে দেখা যাবে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকু ফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ মুক্তি পাচ্ছে ১৬ নভেম্বর। ওইদিন রাজধানীর স্টার সিনেপ্লেক্স, মধুমিতা সিনেমা হল, ব্লকবাস্টার সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে একযোগে মুক্তি পাবে এটি। এর একদিন আগে ১৫ নভেম্বর সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে ৭০ মিনিট ব্যাপ্তির এই ফিল্মটির উদ্বোধনী প্রদর্শনী হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সি আর আই) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জনানো হয়। সংবাদ   সম্মেলনে পরিচালক পিপলু খান বলেন, এই ডকুফিল্মে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উপস্থাপন করা হয় নি। রাজনীতির বাইরেও  যে তিনি একজন সাধারণ মানুষ, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সেটিকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যার কারণে শেখ হাসিনার চারপাশের মানুষগুলোও রয়েছেন ছবির চরিত্র হিসেবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনাকে আমি যেভাবে দেখাতে চাই, সেভাবেই কাজটা করেছি। কোনো নিয়মনীতির ছক তিনি তৈরি করে দেননি। যার ফলে কাজটা আমার মনের মতো হয়েছে। যেহেতু শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সে কারণে ইতিহাসের নানা ঘটনা, রাজনৈতিক প্রেক্ষাপট, ক্ষমতার পালাবদল, ব্যক্তি ও রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গিসহ প্রতিটি বিষয়ে গবেষণা করতে হয়েছে। কাজটি চ্যালেঞ্জিং ছিল বলেই পাঁচ বছর সময় লেগে গেছে।

তিনি আরো বলেন, ১৪ পৃষ্ঠার একটি কনসেপ্ট পেপার ও কিছু সঙ্গীতকে সঙ্গী করেই কাজটা শুরু করি। এরপর প্রধানমন্ত্রীর দৈনন্দিন কাজের ফাঁক গলে সময় বের করে শুটিং করা হয়েছে। যার কারণে এই দীর্ঘ সময় লেগেছে কাজটি শেষ করতে। আশা করছি, ছবিটি সবার ভালো লাগবে। যারা শেখ হাসিনাকে ভালোবাসেন কিংবা বাসেন না, তাদের উভয়কেই ছবিটি দেখা অনুরোধ করেন তিনি ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডকুফিল্মটির প্রযোজনা সংস্থা সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস, ছবিটির পরিবেশক গাউসুল আজম শাওন ও শিবু কুমার শীল। সেন্টার ফল রিচার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর পক্ষে ডকুফিল্মটি প্রযোজন করেছেন রেদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু।