আড়াইহাজারের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। বুধবার (২৭ মে) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। এসময় ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
নিহত আইয়ুবের বয়স (১৫)। সে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও একই গ্রামের জালালউদ্দিনের ছেলে।
জানা যায়, উপজেলার কালাপাহাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক মেম্বার হক সাহেব ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম গ্রুপের মধ্যে দুপুরের পরেই সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষের লোকজন দেশিয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে পড়ে আইয়ুব মারা যায়। তবে আইয়ুব নিরীহ বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
একটি সূত্র জানায়, আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। অপর একটি সূত্র জানায়, জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
ইত্তেফাক/এসআই
