নরসিংদীর পলাশ উপজেলায় নতুন করে আরও ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ফারহানা আলী ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দিন।
নতুন ৪ জন নিয়ে পলাশ উপজেলায় ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্তদের মধ্যে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়ার ১জন পুরুষ ও ১জন নারী, পলাশ বাজারের ১জন পুরুষ এবং পলাশের ডাংগা ইউনিয়নের পূবালী বাজার সংলগ্ন ১জন পুরুষ।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৪ জন নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ীর বাহিরে যাবেনা এবং কেউ প্রবেশ করবেনা। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে।
ওসি শেখ মো. নাসিরউদ্দিন জানান, করোনা শনাক্তের খবর পেয়ে বুধবার রাতেই ৪ জনের বাসা লকডাউন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা যেন তাদের সুবিধা অসুবিধাসহ খাবার পৌঁছে দেন সেজন্য কথা বলা হয়েছে। প্রয়োজনে তারা আমার কাছে ফোন করবে, খাবারসহ যা প্রয়োজন আমি পৌঁছে দিবো।
উল্লেখ্য, পলাশ উপজেলার নতুন ৪ জনের নমুনা সংগ্রহ করা হয় ২১ এবং ২২ মে এবং তাদের রিপোর্ট আসে ২৭ মে রাতে।এ উপজেলায় এ পর্যন্ত ২৩ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে জিনারদী ইউনিয়নে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ ১৪ জন, ঘোড়াশাল পৌর এলাকায় এক স্বাস্থ্যকর্মীসহ ৬ জন, ডাংগা ইউনিয়নে ২ জন ও পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন। এদের মধ্যে জিনারদী ইউনিয়নে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়।
ইত্তেফাক/এমআর
