নয়াপল্টনে শোডাউন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৫৭

সারাদেশের বিএনপি নেতা-কর্মীরা এখন ঢাকায়। ভোটকে কেন্দ্র করে যেন বহুদিন পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন। নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছে মিছিলের পর মিছিল। প্রার্থীরা শোডাউনের প্রতিযোগিতা করছেন। নিজ নিজ এলাকার লোকজনকে নিয়ে এসেছেন গাড়ি বহর করে। দলীয় নেতাদের নামে ব্যানার ফেস্টুন, তাজা ধানের শীষ ও হাতি-ঘোড়া নিয়ে শোডাউন করছেন মনোনয়ন প্রত্যাশীরা। শ্লোগান আর ঢোল ঢোলকের বাদ্য-বাজনায় মুখরিত চারপাশ। মিছিলে নেতাকর্মীদের হাতে খালেদা জিয়া, তারেক রহমান ও মনোনয়ন প্রত্যাশীদের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড। এমন উত্তাল দৃশ্য বিএনপিতে গত এক যুগেও দেখা যায়নি। সারাদেশে গ্রেফতার গায়েবি মামলা গতকাল থেকে কমেছে। অনেকের সাথে কথা বলে জানা গেল এই তথ্য।

গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করা হয়। প্রথম দিনের তুলনা গতকাল বেশি লোক সমাগম হয়। সোমবার প্রার্থীদের মধ্যে ১ হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করে বিএনপি। গতকাল বিকাল ৪টা পর্যন্ত বিক্রি হয় ১২ শত ১৩টি ফরম।  আগামী ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে রাত ৮টায় পর্যন্ত চলবে ফরম বিক্রি ও জমা। প্রত্যেক বিভাগের প্রার্থীদের সুবিধার জন্য আলাদা আলাদা বুথের ব্যবস্থা করেছে বিএনপি। সাদা পোশাকের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশকে দেখা গেল নয়াপল্টন।