বিনোদন রিপোর্ট
৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সিরাজগঞ্জের ছেলে, কিশোরগঞ্জের মেয়ে’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯ টা ৫৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসি মিজান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, জাকিয়া বারী মম, শামীমা নাজনীন, তারিক স্বপন প্রমুখ।
নবাব সিরাজগঞ্জের ছেলে। তার বিয়ের বয়স পার হয়ে গেছে অনেক আগেই কারণ তার যত বিয়েই ঠিক হয় কী যেন এক অজানা কারণে ভেঙে যায়। কিন্তু নবাব সিরাজগঞ্জের মানুষ হিসেবে খুব অহঙ্কার এবং গর্ব করে, যদিও অকপটে তার সিরাজগঞ্জের দোষগুলোও স্বীকার করে নেয়। সে সবসময় বলে আমরা সিরাজগঞ্জের মানুষের ঘাড়ের রগ তেড়া এবং তারা কারণ ছাড়াই ঝগড়া করতে পারে। যাই হোক, তার আরেকটা বিয়ের সমন্ধ আসে কিশোরগঞ্জ থেকে, তাই সে আর তার মামা এবার বুদ্ধি করে কাউকে নিয়ে মেয়ে দেখতে যাবে না। কারণ কে বা কারা বিয়ে ভেঙে দেয় সেই ভয়ে। মেয়ে দেখতে বসে নবাব খুবেই এক্সাইটেড, তাই ভুলে মেয়ের মাকে দেখেই পছন্দ করে ফেলে। মামাকে বলে মেয়ে পছন্দ হয়েছে। পরে জানতে পারে এটা মেয়ের মা। এটা নিয়ে মেয়ে এবং মেয়ের মার ঝামেলা বাঁধে এবং মেয়ে বলে বিয়ে আমার তুমি কেন এত সাজ দিয়েছো। মায়ের যুক্তি—আমি যদি এই বয়সেও এত সুন্দর এবং ফিটফাট থাকতে পারি তাহলে তারা মনে করবে মেয়েরও বয়স হলে এমনই ফিটফাট থাকবে। কিন্তু কিশোরগঞ্জের মেয়ে সে আবার একটু ভিন্নরকম। সে মনে করে আমি যা আছি তাই দেখে আমাকে বিয়ে করলে আমি রাজি আমি সাজতে পারবো না।
