ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া এবং মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এশিয়ান জুনিয়র ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপ অনলাইন দাবার ওপেন বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ৩ জুন বালিকা এবং ৪ জুন দুপুর ১২টা হতে ওপেন বিভাগের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। গতকাল বাংলাদেশ সময় সকাল ১০টা হতে অনলাইনে বিশ্ব দাবা সংস্থা এশিয়ান জোন-৩.২ এর কোয়ালিফায়িংয়ের ওপেন ও বালিকা বিভাগের খেলা অনুষ্ঠিত হয়, দুই বিভাগে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপের ১৫ জন বালক ওপেন বিভাগে এবং ১৫ জন বালিকা বালিকা বিভাগে অংশগ্রহণ করে। ওপেন বিভাগে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও তাহসিন দুই জনেই ৭ খেলায় ৬ পয়েন্ট করে অর্জন করেন। চতুর্থ রাউন্ডে তাহসিন ফাহাদের বিপক্ষে জিতলেও টাইব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে ফাহাদ প্রথম এবং তাহসিন দ্বিতীয় হন। বালিকা বিভাগে বাংলাদেশের নোশিন আঞ্জুম সাড়ে ৫ পয়েন্ট পেয়ে রানারআপ হন।
