করোনার পর ক্রিকেট
স্পোর্টস রিপোর্টার
অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজসহ কয়েকটা দেশ এখন করোনা ভাইরাসের পর ক্রিকেট ফেরানোর প্রক্রিয়ার মধ্যে আছে। এই অবস্থায় আইসিসি ক্রিকেট ফেরানোর জন্য বেশ কিছু নির্দেশনা বা গাইডলাইন জারি করেছে। এই সময় খেলতে গেলে এই নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে।
প্রতিটি বোর্ডের এক জন করে প্রধান চিকিত্সা কর্মকর্তা বা বায়ো সেফটি কর্মকর্তা নিয়োগ করতে হবে। যার কাজ হবে সংশ্লিষ্ট দেশের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি খেলোয়াড়রা অনুশীলনে মেনে চলছে কি না, তা নিশ্চিত করা। সদস্য দেশগুলোকে সফরের অন্তত ১৪ দিন আগে একটি আইসোলেশন ক্যাম্পের কথা বিবেচনা করতে বলা হয়েছে। যেখানে দলের সবার তাপমাত্রা মাপা ও কোভিড-১৯ পরীক্ষা করা হবে। সংশ্লিষ্ট বোর্ডকে খেলোয়াড়দের জন্য নিরাপদ অনুশীলন মাঠ ও ম্যাচ ভেন্যু নিশ্চিত করতে বলা হয়েছে। খেলোয়াড়দের মধ্যে সব সময় দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে। ম্যাচের সময়ে প্রতিটি মাঠে প্রয়োজনীয় চিকিত্সা ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
