সিরাজগঞ্জ প্রতিনিধি ও চৌহালি সংবাদদাতা
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থলচরে যমুনায় নৌকাডুবির ঘটনায় আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গল ও বুধবার তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— পাষান ফকির (৬৫), নাইম (৪), শেখ কামাল মোল্লা (৪৫), আমজাদ হোসেন (৪৫), আজিজুল হক (৩৫), আলম মিয়া (৩০)। অন্য দুই জনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো আট জন।
এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে এনায়েতপুর ঘাট থেকে ইব্রাহিম মাঝির ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালীতে যাওয়ার পথে স্থলচর এলাকায় পৌঁছলে প্রচণ্ড বাতাসের কবলে পড়ে। তখন ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাটি যমুনায় ডুবে যায়। ঐ সময় স্থানীয়রা ৫৪ জনকে জীবিত ও আট জনের লাশ উদ্ধার করে। বাকিদের উদ্ধার তত্পরতা চলছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ জানান, নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
