প্রকৃতি

লিচুর মতো দেখতে আঁশফল

আপডেট : ২৮ মে ২০২০, ২১:১৬

রেদোয়ান হোসেন

 

চলছে লিচুর মৌসুম। এই সময় লিচুর মতো গ্রামবাংলায় আঁশফল নামে এক ধরনের ফল দেখতে পাওয়া যায়। অনেকের কাছে এটি ‘কাঠলিচু’ বা ‘লংগান’ নামে পরিচিতি। এই ফল থোকায় থোকায় লিচুর মতোই ঝুলে থাকে গাছে। খোসা ছাড়ালে এর উপরিভাগ মসৃণ। ফলের রং বাদামি, আকার গোল। লিচুর চেয়ে অনেক ছোটো হলেও ফলের শাঁস সাদা, কচকচে এবং খেতে প্রায় লিচুর মতো। আঁশফলের বীজ গোলাকার, কুচকুচে কালো এবং শাঁস বীজকে আবৃত করে রাখে। সহজেই শাঁস বীজ থেকে আলাদা করা যায়।

বাংলাদেশে বিশেষ করে দক্ষিণাঞ্চলে এ গাছ দেখা যায়। গাছ ৮ থেকে ১০ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এ গাছের ঠান্ডা সহ্য করার ক্ষমতা কম। চাষের জন্য বিশেষ কোনো মাটির প্রয়োজন না হলেও দো-আঁশ মাটিতে ভালো জন্মে। সাধারণত এপ্রিল-মে মাসে বীজ সংগ্রহ করতে হয়। এ ফল লিচুর মতো সুস্বাদু নয়। পুষ্টিগুণ সমৃদ্ধ আঁশফলে রয়েছে প্রচুর শর্করা ও ভিটামিন সি। এটি উদারাময় নিবারক ও কৃমিনাশকে দারুণ কার্যকর। এই ফল বলকারক ও দেহের ক্ষয়পূরণে সহায়ক। কোনো ধরনের ফ্যাট না থাকায় ওজন কমাতেও সাহায্য করে। আঁশফলের ভিটামিন সি নানা ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধে দেহকে শক্তিশালী করে তোলে। ইদানীং বাণিজ্যিকভাবে এই ফলের চাষ শুরু হয়েছে।