তবুও বেশ আছি

আপডেট : ২৮ মে ২০২০, ২১:৫৬

এই সময়ের ছড়া 

সারওয়ার-উল-ইসলাম

 

গাড়ির চালক, হেলপার আর

গলির মোড়ের মুচি লোকটার

কাজ নেই তাই মানিব্যাগ খালি

করোনার হাত মেরে যায় তালি।

 

পান-সিগারেট চা বিক্রি করে

রেখেছিল আহা সংসার ধরে

‘নাই নাই’ শুধু তার সংসারে

করোনা কাউকে বাঁচাতে কি পারে?

 

ত্রাণ চুরি হয় আসছে খবর

নিয়মনীতির হচ্ছে কবর

সবাই কি আর ওসব পাচ্ছে

চাটার দলেরা ওসব খাচ্ছে।

 

নিম্ন আয়ের ব্যবসা বন্ধ

টাকা-কড়ি শেষ, কপাল মন্দ

ধার-দেনা করে ক’দিন চলবে?

বাড়িঅলা কাল হয়তো বলবে—

ভাড়া বাকি, আর কিভাবে দেবেন?

সিদ্ধান্তটা জলদি নেবেন—

থাকবেন নাকি টু-লেট টানাব

বলতে বাধ্য—জলদি জানাব।

 

হায় রে জীবন, জীবন হায় রে!

মানুষ পাষাণ হইয়া যায় রে।

 

করোনার ভয়ে ঘরেতে বন্দি

অভাবের সাথে হয়েছে সন্ধি

নিত্য সঙ্গী আলুর ভর্তা

টেবিলে থাকে না বাড়ির কর্তা

ছেলেমেয়ে থাল নাড়াচাড়া করে

মাছ-মাংসের বায়নাটা ধরে।

 

বউয়ের ওষুধ হয়ে গেছে শেষ

মুখ ফুটে তবু বলে, আছি বেশ।