দেশে ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের ব্যাপকতা বেড়েছে

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৫৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সেক্টরসমূহের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, দেশে ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের ব্যাপকতা বেড়ে গেছে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে জনগণের মধ্যে স্বাস্থ্যসম্মত জীবনাচরণের সচেতনতা গড়ে তুলতে হবে। নিয়মিত কায়িক পরিশ্রমের পাশাপাশি জাংক ফুড গ্রহণে নিরুত্সাহিত করতে মানুষকে উদ্ধুদ্ধ করতে হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতীয় বহুখাত ভিত্তিক সমন্বয়’ কমিটির প্রথম সভায় সভাপতিত্বকালে মন্ত্রী একথা বলেন। সভায় ২৯টি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাইকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রামক রোগ বিশ্বে নীরব মহামারী হিসাবে দেখা দিচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম না। অথচ সংক্রামক রোগ প্রতিরোধ ও নির্মূলে বাংলাদেশের সাফল্য সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের শিশু ও মাতৃমৃত্যু হার কমানো, টিকাদানের সাফল্য, কমিউনিটি ক্লিনিকের মতো উদ্ভাবনী মডেল বিশ্ব নেতৃবৃন্দ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা অর্জন করেছে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে আমাদের অর্জনগুলোকে আরো সামনে নিয়ে যেতে সমন্বিত কর্মসূচি নিতে হবে। তিনি বলেন, ডায়াবেটিস ছাড়াও ক্যান্সার, হূদরোগ ইত্যাদি অসংক্রামক বাড়ছে। এই ধরনের রোগের চিকিত্সার জন্য সামর্থ্যের অতিরিক্ত খরচ করতে হয় জনগণকে। যা দরিদ্র্যতা বাড়ার আরেকটি কারণ। এই পরিস্থিতি থেকে উত্তরণে স্বাস্থ্যসম্মত জীবন যাপনে জনগণকে উদ্ধুদ্ধ করতে হবে।