একই অঙ্গে কত রূপ?

আপডেট : ২৮ মে ২০২০, ২১:৫৯

বিশ্বের বিজ্ঞানীরা করোনা প্রতিরোধে ভ্যাক্সিন বা টিকা আবিষ্কার করতে চেষ্টা অব্যাহত রেখেছেন। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন এক গবেষণায় বলেছে, এখন পর্যন্ত এ ভাইরাসের ১৯৮টি পরিবর্তন শনাক্ত হয়েছে। অন্যতম গবেষণাকারী লেখক প্রফেসর ফ্রাঁসোয়া ব্যালোক্স জানান, এখন পর্যন্ত আমরা বলতে পারছি না, এ ভাইরাসটি অধিক বা কম পরিমাণে প্রাণঘাতী বা সংক্রামক কি না। যুক্তরাষ্ট্রের গবেষকরাও এ ভাইরাসের শত শত পরিবর্তন লক্ষ করে জানান, বিশেষ একটি বিবর্তন ডি৬১৪জি প্রাধান্য বিস্তার করে আছে বলে কোভিড-১৯-এর এ রূপটিই অধিক হারে সংক্রমিত করতে পারে। ভাইরাসটির পরিবর্তন নিয়ে গবেষণা করা ইউনিভার্সিটি অব গ্লাসগো-র বিজ্ঞানীরা জানান, এ পরিবর্তনগুলো ভাইরাসটির বিভিন্ন রকম ‘স্ট্রেইন’র মতো নয়। মাত্র এক রকম ভাইরাস বর্তমানে পৃথিবীময় ঘুরছে। এক্ষেত্রে ভ্যাক্সিন বা টিকা আবিষ্কারের জন্য গুরুত্বপূর্ণ হলো, ভাইরাসটির গঠন কাঠামোর ছোটো ছোটো পরিবর্তনের দিকে নজর রাখা। নিউ মেক্সিকোর লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকরা ‘গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা (জিআইএসএআইডি) ব্যবহার করে ভাইরাসটির গায়ের কাঁটার মতো দেখতে ‘স্পাইক’গুলোর পরিবর্তন শনাক্ত করেছেন। গবেষকরা আরো জানান, দেখে মনে হচ্ছে এ ‘স্পাইক’গুলোর পরিবর্তনের ফলে ভাইরাসটির বৃদ্ধি অধিক দ্রুততর হয়। এসব কারণে ভাইরাসটির টিকা বা ভ্যাক্সিন আবিষ্কারে বিশ্বের স্বাস্থ্যবিজ্ঞানীরা হিমশিম খাচ্ছেন। তাই তো বলি, ও করোনা, তোমার একই অঙ্গে কত রূপ?

গোপাল নাথ বাবুল

দোহাজারী, চট্টগ্রাম