দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৮ মে ২০২০, ২২:০২

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর রমনা থানার মিন্টো রোডে ডিবি অফিসের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত দুই জনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত এক যুবক বর্তমানে একই হাসপাতালে চিকিত্সাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন। এ দিকে নিহতদের মধ্যে এক জনের পরিচয় জানা গেছে। তার নাম সামির (২০)। তিনি ধানমন্ডি আইডিয়াল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কেরানীগঞ্জে। তবে নিহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে। এ ছাড়া আহত যুবকের নাম আলীফ (২০)। তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ১মবর্ষের শিক্ষার্থী। রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানান, গতকাল বিকালে মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান।