ঢামেকে প্লাজমা দিয়েছেন ১৯ জন থেরাপি নিয়েছেন ছয় জন

আপডেট : ২৮ মে ২০২০, ২২:০৪

বিশেষ প্রতিনিধি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সংগ্রহ করা প্লাজমা করোনা রোগীর শরীরে প্রয়োগ করে চিকিত্সা কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা ছয় রোগীকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপির সাব কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান। গতকাল বৃহস্পতিবার তিনি জানান, ঈদের আগ থেকে গতকাল পর্যন্ত যারা শ্বাসকষ্টে ভুগছিলেন এমন ছয় রোগীকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে এ চিকিত্সা কার্যক্রম চালানো হয়েছে। প্লাজমা থেরাপি দেওয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। ডা. এম এ খান বলেন, প্লাজমা সংগ্রহ শুরুর দিন থেকে বুধবার পর্যন্ত আনুমানিক ১৯ করোনা জয়ীর কাছ থেকে প্লাজমা সংগ্রহ করেছি। ডোনার পেলেই হাসপাতালে প্লাজমা সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রম চলমান রয়েছে। বুধবার তিন জন করোনা জয়ী প্লাজমা দিয়েছে। তারা হলেন, মাশরুফ তাহমিম মল্লিক ও তার বোন মাহফারা তাসমিম এবং স্বাস্থ্যকর্মী কামরুজ্জামান তৌফিক।