মধ্য আফ্রিকান রিপাবলিকগামী কনটিনজেন্ট সদস্যদের ব্রিফিং প্রদান

আপডেট : ২৮ মে ২০২০, ২২:১৬

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ এবং সমরাস্ত্র ব্যবহার উপযোগী তিনটি এম আই-১৭১ হেলিকপ্টারসহ একটি কনটিনজেন্ট প্রেরণ করছে। বাংলাদেশ বিমান বাহিনীর সর্বমোট ১২৫ জন সদস্য মধ্য আফ্রিকায় রওনা হয়েছে। জাতিসংঘে স্থায়ী মিশন নিউ ইয়র্কের সহযোগিতায় এই প্রথমবারের মতো বাংলাদেশ বিমানের একটি ভাড়া করা বিমানে বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গমন করল। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ মধ্য আফ্রিকান রিপাবলিকগামী কনটিনজেন্টের এর সদস্যদের উদ্দেশে যাত্রার আগে বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অফিসারগণ এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।