কারোনা ভাইরাসের মহা-মারিকালে ব্যতিক্রমী একটি ঈদ পালন করলো মুসলিম বিশ্ব। বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ করোনাকালের নিষেধাজ্ঞা মেনেই গত সোমবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করেছে পবিত্র ঈদুল ফিতর। সারাদেশেই এবারের ঈদ উদ্যাপিত হয়েছে ভিন্ন আমেজে, অনেকটা ঘরোয়াভাবে। ঈদগাহে বা খোলা ময়দানে অনুমতি না থাকলেও মসজিদগুলোতে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। তবে সেই আয়োজন অনাড়ম্বর, সামাজিক বিধিনিষেধের ঘেরাটোপে আটকানো। জাতীয় ঈদগাহের পরিচিত সেই মহামিলন ছিল না।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাতসহ অন্য মসজিদগুলোয় জামাত হয়েছে। নামাজ শেষে প্রতিটি মসজিদে করোনা থেকে মানবজাতিকে মুক্তি দেওয়ার জন্য মহান আল্লাহতায়ালার কাছে মোনাজাত করা হয়েছে।
এদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার পরিবারের সদস্য এবং কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৯টায় বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হয়নি। শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও এবার অনুষ্ঠিত হয়নি। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় এবং স্বাস্থ্যবিধি মেনেই ঈদের প্রধান জামাত এ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাতটায়। দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল নয়টায়, সকাল ১০টায় চতুর্থ জামাত এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি জামাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা অংশ নিয়েছে। মসজিদের প্রবেশমুখে লাইন ধরে যেতে হয়েছে মুসল্লিদের। জীবাণুমুক্তকরণ চেম্বারের ভেতর দিয়ে যেতে হয়েছে সবাইকে। মাস্ক পরা ছাড়া কাউকেই মসজিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত দূরত্ব বজায় রেখেই নামাজ পড়তে হয়েছে সবাইকে। তবে শিশু ও বয়স্কদের মসজিদে আসতে নিষেধ করা হলেও তা মানা হয়নি। আর জামাত শেষে কোলাকুলি করতেও দেখা গেছে অনেককেই। যদিও এটি না করতে সরকারের পক্ষ থেকে বার বার অনুরোধ করা হয়েছে।
এদিকে রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদে পরপর চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায়, দ্বিতীয় জামাত নয়টায়, তৃতীয় জামাত ১০টায় এবং ১১টায় অনুষ্ঠিত হয় সর্বশেষ জামাত।
এই মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সকাল আটটায় তিনি পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাতে অংশ নেন।
