খারাপ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা- নাসার ঐতিহাসিক রকেট উেক্ষপণ। বেসরকারি প্রতিষ্ঠান স্পেসএক্সের রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নাসার মহাকাশচারী ডগ হার্লে এবং বব বেনকেনকে পাঠানো কথা ছিল।
বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকাল ৪টা ৩৩ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স ফ্যালকন রকেটটি উেক্ষপণ করার কথা ছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের মাত্র ১৬ মিনিট আগে উড্ডয়ন স্থগিত করা হয়। যাত্রার প্রস্তুতি হিসেবে নাসার মহাকাশচারী ডগলাস হার্লে এবং বব বেনকেন প্রায় তিন ঘণ্টা ২৬৫ ফুট লম্বা ড্রাগন ক্রু ক্যাপসুলে বসে ছিলেন। গত রবিবার দুই নভোচারী তাদের চূড়ান্ত ড্রেস রিহার্সেলটি দেন, যা পুরোপুরি সফল হয়। আগামী শনিবার বিকেলে স্পেসএক্স এবং নাসা পুনরায় রকেটটি উেক্ষপণের উদ্যোগ নেবে। ঐ দিন কোনো কারণে উেক্ষপণ করা না গেলে পরদিন রবিবার আবারও চেষ্টা চালানো হবে। ইতিমধ্যে দুই নভোচারীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের মাটি থেকে গত নয় বছরের মধ্যে এটি প্রথম মহাকাশ মিশন। ২০১১ সালে স্পেস শাটল কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর টানা নয় বছর নিজস্ব যানে মহাকাশযাত্রা বন্ধ ছিল যুক্তরাষ্ট্রের। এতোদিন এই কাজে রাশিয়ার ওপর নির্ভর করেছে তারা। সে জন্য স্পেসএক্সের মাধ্যমে এই মহাকাশযাত্রা মার্কিনিদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। রকেট উেক্ষপণ দেখতে ফ্লোরিডায় হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও।
সাম্প্রতিক সময়ে পৃথিবীর নিম্ন কক্ষপথ ভ্রমণের ব্যবস্থায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে নাসা। নিজস্ব ব্যবস্থাপনার বদলে বেসরকারি প্রতিষ্ঠানের মহাকাশ যান ব্যবহারের দিকেই আগ্রহ তাদের। এজন্য এলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স-ই হচ্ছে প্রথম প্রতিষ্ঠান যারা এ সুযোগ নিচ্ছে। নাসার প্রশাসক জিম ব্রিডেনস্টাইন বলেন, আমি জানি আজকের দিনটি হতাশাজনক। কিন্তু আবহাওয়ার কারণে এটি হয়েছে। আশা করি, শনিবার দিনটি ঐতিহাসিক হবে। এছাড়া তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে ২০২৪ সালে চাঁদে মার্কিন নভোচারীদের পাঠানোর বড়ো লক্ষ্যও পূরণ হবে।
