কাশ্মিরে বড়ো হামলার ছক বানচাল, বিস্ফোরক উদ্ধার

আপডেট : ২৯ মে ২০২০, ০০:১৬

পুলওয়ামার ধাঁচে ফের গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে জম্মু-কাশ্মিরে নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। কিন্তু নিরাপত্তারক্ষীদের তত্পরতায় সেই ছক বানচাল হয়ে গেছে। গতকাল সকালে পুলওয়ামায় সেনা, আধাসেনা ও পুলিশের যৌথ তল্লাশিতে উদ্ধার হয়েছে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি। তাতে মিলেছে ২০ কেজি বিস্ফোরক। যদিও ঐ গাড়িটির চালক পলাতক।

সেনা সূত্রে খবর, উপত্যকায় ফের পুলওয়ামার মতো হামলা হতে পারে, এই তথ্য আগেই দিয়েছিলেন গোয়েন্দারা। বৃহস্পতিবার পুলওয়ামায় চেক পয়েন্টে একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়ির কাগজপত্র দেখে সন্দেহ হওয়ায় নিরাপত্তারক্ষীরা বিপদ আঁচ করে ব্যারিকেড ভেঙে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ায় চেষ্টা করে চালক। তবে গাড়িটি ধরা পড়ে যায়। কাশ্মির পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) বিজয় কুমার বলেন, নিরাপত্তারক্ষীরা গুলি চালায়। কিন্তু কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক। -আনন্দবাজার পত্রিকা