ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ড

১১টি অগ্নিনির্বাপণ যন্ত্রের মধ্যে ৮টির মেয়াদ ছিল না -------- ডিএনসিসির মেয়র

আপডেট : ২৯ মে ২০২০, ০০:১৬

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সংগঠিত অগ্নিকাণ্ডের পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। হাসপাতালের সম্প্রসারিত অংশে ফায়ার ফাইটার, ফায়ার ড্রিল এবং ফায়ার-টিম ছিল না। ১১টি অগ্নিনির্বাপণ যন্ত্রের মধ্যে মাত্র তিনটির মেয়াদ ছিল। অন্য আটটি অগ্নিনির্বাপণ যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। হাইড্রেন্ট কে চালাবে, কে কাজ করবে, কার দায়িত্ব এগুলো সুনির্দিষ্ট করা ছিল না। গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ঘটনা তদন্তে ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম আলামত সংগ্রহ করছে উল্লেখ করে তিনি বলেন, তদন্তে কাজ করছে পুলিশ। ফায়ার সার্ভিস থেকে আগুনের কারণ অনুসন্ধানে ?তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্তে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। মেয়র আরো বলেন, হাসপাতালে মানুষ ভর্তি হয় আরোগ্য লাভ করার জন্য, এটা অত্যন্ত বেদনাদায়ক যে তারা এখানে অগ্নি দুর্ঘটনায় মারা গেলেন। তিনি সকল হাসপাতাল কর্তৃপক্ষকে ফায়ার সেফটির ওপর গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে ইউনাইটেড হাসপাতালের অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও এ ঘটনায় আইসোলেশন সেন্টারে চিকিত্সাধীন এক নারীসহ পাঁচ জন মারা যান।