করোনা ভাইরাসের হানার সময়ে মাস্ক ব্যবহার নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে। তারা দুই জনই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে একে অপরের বিপক্ষে লড়াই করবেন বলে ধারণা। মাস্ক ব্যবহার নিয়ে বিদ্রূপ করায় প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দা করেছেন বাইডেন।
সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে জো বাইডেন বলেছেন, গবেষকরা বারবার মাস্ক পরার ওপর গুরুত্ব দিচ্ছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই নির্দেশনা মানছেন না। উলটো ট্রাম্প মাস্ক পরার সমালোচনা করেছেন। তিনি পুরো বোকার মতো কাজ করছেন। সোমবার যুক্তরাষ্ট্রের স্মৃতি দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে মাস্ক পরেন জো বাইডেন। এই ছবি এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে বিদ্রূপ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প আগে থেকেই মাস্ক না পরার বিপক্ষে।
বাইডেনের মাস্ক পরার সমালোচনা করে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেলেইগ ম্যাকনানি বলেছেন, বাইডেন ঘরের ভেতর সবসময় মাস্ক পরেন না। বাইরে সামাজিক দূরত্ব বজায় থাকা সত্ত্বেও তিনি মাস্ক পরেছেন যা হাস্যকর। আবার সঙ্গে থাকা তার স্ত্রী মাস্ক পরেননি।
ইত্তেফাক/এমআর
