পলাশে আরও ৪ জনের করোনা রোগী শনাক্ত

আপডেট : ২৯ মে ২০২০, ১১:৪৩

নরসিংদীর পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী  কমিউনিটি মেডিকেল  অফিসারসহ নতুন করে আরও ৪ জনের  করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ফারহানা আলী ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসির উদ্দিন।

নতুন ৪ জন নিয়ে পলাশ উপজেলায় ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করোনা শনাক্তদের মধ্যে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার জনতা জুট মিলের ২জন ও  প্রাণ আরএফএলের ১জন ও পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ১জন ।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৪ জন নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবে না এবং কেউ প্রবেশ করবে না। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে।

ওসি শেখ মোঃ নাসিরউদ্দিন জানান, করোনা শনাক্ত লোকদের বাসা লকডাউন করে তাদের খাবারসহ যা প্রয়োজন আমি এবং এলাকার জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবো।

উল্লেখ্য, পলাশ উপজেলার নতুন ৪ জনের নমুনা সংগ্রহ করা হয় ২৪ মে এবং তাদের রিপোর্ট আসে ২৮ মে রাতে।এ উপজেলায় এ পর্যন্ত ২৭ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে জিনারদী ইউনিয়নে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ ১৪ জন, ঘোড়াশাল পৌর এলাকায় এক স্বাস্থ্যকর্মীসহ ৯ জন, ডাংগা ইউনিয়নে ২ জন ও পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন। এদের মধ্যে জিনারদী ইউনিয়নে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়।

ইত্তেফাক/এমআরএম