সবুজ সংকেত পেল সিরি’আও

আপডেট : ২৯ মে ২০২০, ১৯:৫১

তবুও ফিরছে প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

ইউরোপে করোনার চোখরাঙানি এখনো থামেনি। এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগের তিন দলের চার জন খেলোয়াড়-স্টাফই করোনায় আক্রান্ত হয়েছেন সম্প্রতি। তবুও মাঠে ফেরার উদ্যম কমছে না লিগটির। ‘সবকিছু ঠিক থাকলে’ আগামী ১৭ জুন মাঠে ফিরবেন আগুয়েরো-সালাহরা। একই দিনে সিরি’আও আগামী ২০ জুন মাঠে ফেরার অনুমতি পেয়েছে। অনুশীলনের দ্বিতীয় ধাপে ঢোকার আগে গত সোমবার নিয়মমাফিক করোনা পরীক্ষা করা হয় প্রিমিয়ার লিগের ১০০৮ জন খেলোয়াড় আর স্টাফের। তাতে আরো চার জন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলোয়াড়ের গায়ে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

এমন অবস্থাতেও গত বুধবার অনুশীলনের দ্বিতীয় ধাপ শুরু করার ব্যাপারে সম্মত হয় প্রিমিয়ার লিগের দলগুলো। অনুশীলনের দ্বিতীয় ধাপে গ্রুপে খেলোয়াড়দের সংখ্যা বাড়বে। কিছুটা শিথিল হবে সামাজিক দূরত্বের নিয়মও। এরপর গত বৃহস্পতিবার প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোর সিদ্ধান্ত নেয় ক্লাবগুলো। বিবিসির সূত্রমতে, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ১৭ জুন ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের ম্যাচ দিয়ে আবারও মাঠে গড়াবে লিগটি। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। লিগটির প্রধান নির্বাহী রিচার্ড বলেন, ‘সব ধরনের শর্ত পূরণ করার আগ পর্যন্ত ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করব না আমরা।’

প্রিমিয়ার লিগের বাকি ৯২টি ম্যাচ শেষ হবে মাত্র ৩৭ দিনের ব্যবধানে। বিবিসি আরো জানিয়েছে আগামী ২৭ জুলাই মৌসুম শেষ করার ব্যাপারে সম্মত হয়েছে প্রিমিয়ার লিগের দলগুলো ও কর্তৃপক্ষ। একই দিনে লিগ মাঠে ফেরানোর ব্যাপারে সবুজ সংকেত পেয়েছে সিরি’আও। ইতালির ক্রীড়া মন্ত্রী ভিনসেন্ত স্পাদাফোরা গত বৃহস্পতিবার জানান, ২০ জুনের পর লিগ ফেরাতে বাঁধা নেই সিরি’আর। তবে খেলা কবে মাঠে ফিরবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি সিরি’আর কর্তৃপক্ষ। তবে সিরি’আ কর্তৃপক্ষ দিন দশেক আগে জানিয়েছিল, চলতি মৌসুমটাকে তারা আগামী ২০ আগস্টের মধ্যেই শেষ করতে চায়। তবে অনিবার্য কারণে যদি আবারও ফুটবল স্থগিতই করতে হয়, সেক্ষেত্রেও সিদ্ধান্ত নিয়েই রেখেছে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে প্লে-অফ খেলে তবেই নির্ধারিত হবে চ্যাম্পিয়নশিপ। ১২ ম্যাচ হাতে রেখে সিরি’আর শীর্ষে আছে জুভেন্তাস। তাদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। এদিকে দ্বিতীয় স্থানে থাকা ল্যাজিও তাদের থেকে পিছিয়ে আছে এক পয়েন্টে।