‘ফ্লিনটফের চেয়ে এগিয়ে স্টোকস’ —ইয়ান বোথামের অভিমত

আপডেট : ২৯ মে ২০২০, ১৯:৫১

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডার বলা হয় ইয়ান বোথামকে। তার অবসরের পর ‘নতুন বোথাম’ তকমা পেয়েছেন অনেকেই। তবে সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পেরেছেন কেবল অ্যান্ড্রু ফ্লিনটফ ও বেন স্টোকস। বোথাম নিজে অবশ্য এই দুই জনের মতে এগিয়ে রাখলেন  স্টোকসকে।

তিনি অনলাইনে এক আলাপচারিতায় বলেন,‘ফ্রেডির (ফ্লিনটফ) চেয়ে বেন স্টোকস অনেক অনেক এগিয়ে। স্টোকস আমার সবচেয়ে কাছাকাছি সংস্করণ, আমার মতোই হূদয় উজাড় করে দিয়ে খেলে। ফ্লিনটফও ভালো ছিল, কিন্তু স্টোকস অসাধারণ। এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটার  স্টোকস।’

বোথামের পাশাপাশি আশির দশক মাতিয়েছেন আরো তিন পেস বোলিং অলরাউন্ডার কপিল দেব, ইমরান খান ও রিচার্ড হ্যাডলি। এই চার অলরাউন্ডারের লড়াই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর গল্পগাথার একটি। বোথাম কথা বলেছেন সেই অধ্যায় নিয়েও, ‘ঐ সময়টায় খেলতে পারা ছিল সৌভাগ্যের ব্যাপার। ১০-১৫ বছর ধরে আমরা ভক্তদের মোহিত করে রেখেছিলাম। আমার মনে হয় না, এতজন মানসম্পন্ন অলরাউন্ডার একসঙ্গে আবার দেখা যাবে। প্রতিটি সিরিজেই আমি খেয়াল রাখতাম রিচার্ড কেমন করছে, কপিলের পারফরম্যান্স কেমন, ইম্মি (ইমরান) কেমন করছে। অসাধারণ একটি লড়াই ছিল  সেটি।’

ইমরান খানের প্রসঙ্গে বাড়তি কয়েকটা লাইনও বলেন বোথাম, ‘ইমরানের সঙ্গে অনেকদিন দেখা হয় না। আমাদের চার জনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সম্ভবত সে-ই ছিল। এখন সে পাকিস্তানের প্রধানমন্ত্রী। অনেক সাহসী সে। আশাকরি সে নিরাপদে থাকবে।’

বোথাম মনে করেন, ক্রিকেট এখন অনেক এগিয়ে গেলেও কমে গেছে মানসম্পন্ন অলরাউন্ডার। তিনি বলেন, ‘অলরাউন্ডার তৈরি করা যায় না। গাছেও ধরে না। দ্বিগুণ কাজ করতে হয় তাদের, শরীরের ওপর প্রচুর ধকল যায়। কপিলের কথাই চিন্তা করুন, ভারতের মতো জায়গায়, উইকেটে যেখানে পেসারদের জন্য সহায়তা খুব কম, সেখানে যে পরিমাণ বোলিং সে করেছে সেটিও দিল্লি-চেন্নাইয়ের ভয়ংকর গরমের মধ্যে! এই প্রজন্মের কেউ এমনটি করতে পারত বলে আমার মনে হয় না।’