স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত ২২ মার্চ থেকে মিরপুর স্টেডিয়ামে বিসিবি কার্যালয় কার্যত বন্ধ রয়েছে। বাসা থেকে দাপ্তরিক কাজ করছেন বিসিবির কর্মকর্তারা। করোনা বিস্তাররোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হচ্ছে ৩০ মে। তারপর আর ছুটি বাড়ছে না। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দেশের সব সরকারি-বেসরকারি-আধাশাসিত-স্বায়ত্তশাসিত অফিস সীমিত পরিসরে চালু রাখা যাবে। যার ধারায় সীমিত পরিসরে বিসিবি কার্যালয় খুলে দেওয়ার চিন্তা চলছে। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে বিসিবির শীর্ষ মহল। গতকাল এই প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বিসিবি খুলে দেওয়া যায় কি না এ নিয়ে আমাদের মধ্যে আলাপ-আলোচনা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেইনি। স্বল্প পরিসরে খোলা নিয়েই আলোচনা হচ্ছে। সিইও পরিকল্পনা করছে কীভাবে কি করা যায়। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে তারা ঠিক করবে।’ পরে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও গতকাল জানিয়েছেন, অফিস খোলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
