করোনা পরিস্থিতিতে প্রায় সব ইউরোপীয় দলই মন্দা পুষিয়ে নিতে খেলোয়াড়দের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পিএসজি খেলোয়াড়দের এই প্রস্তাব দিতেই বেশ অসন্তোষের মুখে পড়েছে। সভাপতি নাসের আল খেলাইফির ৭০ শতাংশ বেতন কমানোর প্রস্তাব মোটেও ভালোভাবে নেননি নেইমার, থিয়াগো সিলভা, এডিসন কাভানি, হুয়ান বের্নাত ও আন্দার হ্যারেরার মতো দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। গুঞ্জন আছে, যে কোনো অঙ্কের বেতন কম নিতেও রাজি নন নেইমার। দীর্ঘদিন ধরেই বার্সায় ফেরার সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে নেইমার, তদবির চলছে বার্সার পক্ষ থেকেও। সাম্প্রতিক এই ঘটনাকে নেইমারের বার্সায় ফেরার ক্ষেত্রে জোরালো ইঙ্গিত হিসেবেই দেখছে ইউরোপীয় সংবাদ মাধ্যম।
