করোনা সংক্রমণ বৃদ্ধি, আবারও স্কুল বন্ধ দক্ষিণ কোরিয়ায়

আপডেট : ২৯ মে ২০২০, ২১:০৪

রয়টার্স

খুলে দেওয়ার কয়েকদিনের মাথায় দক্ষিণ কোরিয়ায় আবারও স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফের অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার দিকেই ফিরে যাচ্ছে দেশটি। করোনা সংক্রমণ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতি-বার নতুন করে ৫৯ জন করোনায় আক্রান্ত হন। আট সপ্তাহ আগে সেখানে সর্বোচ্চ আক্রান্ত ছিল ৭৯ জন। নতুন আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কম হলেও উদ্বেগ তৈরি হয়েছে। কারণ নতুন করে সংক্রমণের ঘটনা ঘটেছে বেশ কিছু জনবহুল এলাকায়। ফলে সেখানে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে যে স্কুলগুলো খুলে দেওয়া হয়েছিল, সেগুলো আবার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরো প্রায় শতাধিক স্কুল খোলার তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানি কোপাংয়ের জুতা এবং কাপড়ের একটি গুদামের কর্মীদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। ইভেনিং স্ট্যান্ডাডের্র এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐ গুদামের কয়েক হাজার কর্মীর স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের আগামী দুই সপ্তাহ নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত ডিসেম্বরে চীনে করোনার প্রাদুর্ভাবের পরপরই দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়ে। প্রথম দিকে চীনের পরে দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ ছিল সবচেয়ে বেশি। তবে গত কয়েক মাসে দেশটিতে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল। দেশটিতে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করেছিল মানুষ। লোকজন নতুন করে কাজে ফিরেছে। কিন্তু নতুন করে আবারও সংক্রমণ বাড়তে থাকায় দেশজুড়ে করোনার দ্বিতীয় প্রবাহের আশঙ্কা দেখা দিয়েছে।