করোনার কারণে এক বছর পেছাল জাতিসংঘের জলবায়ু সম্মেলন

আপডেট : ২৯ মে ২০২০, ২১:০৪

আল জাজিরা

করোনা ভাইরাস মহামারির কারণে এক বছর পিছিয়ে গেল জাতিসংঘের ২৬তম জলবায়ু পরিবর্তন সম্মেলন। ব্রিটিশ প্রতিমন্ত্রী এবং জলবায়ু সম্মেলনের সভাপতি অলক শর্মা এ তথ্য জানিয়েছেন।

চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গুরুত্বপূর্ণ এ সম্মেলন। কিন্তু মহামারির কারণে এটি এখন অনুষ্ঠিত হবে ২০২১ সালের নভেম্বরে। করোনা ভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় গ্লাসগো সম্মেলন পিছিয়ে দেওয়ার প্রস্তাব করেছিল যুক্তরাজ্য। বিশাল এ আয়োজনের জন্য আরো সময় প্রয়োজন জানিয়ে জাতিসংঘের জলবায়ু ফোরামে চিঠি দিয়েছিল তারা। এ আবেদন গ্রহণের পর বৃহস্পতিবার এতে অনুমোদন দেয় কর্তৃপক্ষ। এক টুইটে অলক শর্মা জানান, জলবায়ু সম্মেলনের নতুন তারিখ নির্ধারিত হয়েছে। এটি ২০২১ সালের ১ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

জলবায়ু বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় সম্মেলন পিছিয়ে দেওয়াকে যুক্তিযুক্ত বললেও অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, এই বিলম্বের ফলে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে বিভিন্ন দেশে সংবেদনশীল পদক্ষেপগুলোর বাস্তবায়ন হুমকির মুখে পড়তে পারে।