দক্ষ মানবসম্পদ কেন প্রয়োজন

আপডেট : ২৯ মে ২০২০, ২১:৫৪

মো. আরিফুর রহমান সুমন

 

ছাত্রজীবনে ক্যারিয়ার নিয়ে সুদূরপ্রসারী চিন্তা না করায় অনেকেই পরবর্তী জীবনে বেকারের খাতায় নাম লেখাচ্ছেন। সুনির্দিষ্ট গন্তব্য না থাকায় এক পর্যায়ে এসে তারা কোনো কিছুতেই সফল হতে পারছেন না। ফলে এক সময় তারা অদক্ষ মানব হিসেবে দেশের জন্য বোঝা হয়ে যান। এই একবিংশ শতাব্দে এসে এখন আর পিছিয়ে থাকার সুযোগ নেই। বরং প্রতিটি ক্ষেত্রেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং নিজেই নিজেকে ছাড়িয়ে যেতে হবে। সুনির্দিষ্ট গন্তব্য ঠিক করে সেই গন্তব্যে পৌঁছানোর জন্য নিজেকে অবিচল রেখে শ্রম দিয়ে যেতে হবে। ইন্টারনেটের মাধ্যমে অবাধ জ্ঞান অর্জন এখন আরো সহজ হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই দক্ষ মানব সম্পদের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। যে কোনো বিষয় যত কঠিনই হোক না কেন, পরিশ্রমে তা আয়ত্ত করা সম্ভব। প্রতিবন্ধী ব্যক্তিরা কোনো কোনো ক্ষেত্রে মানবেতর জীবনযাপন করছেন। অনলাইনভিত্তিক কাজে তাঁদের দক্ষ করে গড়ে তোলা গেলে অবশ্যই এদেশের জন্য মঙ্গলজনক হবে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে অনেক ধরনের কাজ করা যায়—যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট, অটোক্যাড টুডি থ্রিডি, আন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেন, অ্যান্ড্রয়েড অ্যাপ গেইম ডেভেলপমেন্ট, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভার্চুয়াল অফিস অ্যাসিস্টেন্ট ইত্যাদি ক্ষেত্রে দক্ষতা অর্জন করে দেশ-বিদেশে কর্মক্ষেত্রের অপার ও সম্ভাবনাময় সুযোগ নিতে পারবেন। শিক্ষার্থীদের উচিত হবে লেখাপড়ার পাশাপাশি এইসব বিষয় শিখে শিক্ষাজীবন থেকেই স্বনির্ভর হওয়া।

এদেশে ইন্টারনেটের চাহিদা ও ব্যবহার আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। তবে এটার ব্যয় বহন করা এখনো অনেকের জন্য কষ্টকর। ইন্টানেটের মাধ্যমে কর্মসংস্থান বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই অবশ্যই ইন্টারনেটের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হলে ইন্টারনেটের সহজলভ্যতা ও নিরবিচ্ছিন্নতা অবশ্যই প্রয়োজন। প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে এগিয়ে যেতে হলে আমাদের দক্ষ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

এদেশের নারীসমাজকেও এগিয়ে নিতে হলে তাদেরও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের দেশের অনেক নারীই আজ বিভিন্ন সেক্টরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা নিজের মেধা ও মননকে কাজে লাগিয়ে এখন সমাজে প্রতিষ্ঠিত। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও তাদের সফল পদচারণা বিরাজমান। তবে প্রান্তিক পর্যায়ে অনেক নারী এগিয়ে যেতে পারছেন না শুধু সচেতনতা ও সুশিক্ষার অভাবে। দেশের প্রতিটি সেক্টরে নারীদের সম্পৃক্ত করতে হলে এবং অর্থনৈতিক মূলধারায় আনতে হলে অবশ্যই নারীকে দক্ষ ও সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। পরিশেষে, আমাদের দক্ষ মানবসম্পদ প্রয়োজন সুখী ও সমৃদ্ধশালী হতে।

ঢাকা