অর্ধেক আসন খালি থাকবে বাসে, লঞ্চের ভাড়া বাড়ছে না

আপডেট : ২৯ মে ২০২০, ২২:৫২

আপাতত বিদ্যমান ভাড়ায় আগামীকাল রবিবার থেকে লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অন্যদিকে আগামী সোমবার থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাসও। গতকাল শুক্রবার বিআরটিএতে বাস মালিকদের নিয়ে ও বিআইডব্লিউটিএতে লঞ্চ মালিকদের নিয়ে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বাস ও লঞ্চে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে করোনা ভাইরাস সংকটের সময়ে বাসে কতজন যাত্রী বহন করা হবে ও ভাড়ার হার কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ শনিবার বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ব্যয় বিশ্লেষণ কমিটি। বাসের যাত্রী সংখ্যা বিবেচনা করে  কমিটি ভাড়া নির্ধারণ করে দেবে। কমিটিতে বিআরটিএর কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি রয়েছেন।  বিআরটিএতে অনুষ্ঠিত বৈঠকে বাসের                 ৩০ শতাংশ আসন ফাঁকা রাখার প্রস্তাব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে মালিকেরা ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার পক্ষে মত দেন। পরে এ নিয়ে আলোচনা করে ৫০ শতাংশ আসনে যাত্রী বহনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া গাড়িতে জীবাণুনাশক ছিটানো, কাউন্টার থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মন্ত্রী ১১ দফা নির্দেশনা দেন। সড়কে চাঁদাবাজি বন্ধের পক্ষে বক্তব্য দেন পরিবহন ও শ্রমিক সংগঠনের নেতারা। মন্ত্রীও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার হুঁশিয়ারি দেন।

বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন সাবেক নৌমন্ত্রী ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা, সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ পরিবহন নেতারা। বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বৈঠকে খোন্দকার এনায়েত উল্যাহ করোনা সংকটকালে মহাসড়কে গাড়ি থামিয়ে কাগজপত্র চেক না করার প্রস্তাব করলে এর বিরোধিতা করে সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম বলেন, এমন সিদ্ধান্ত নিলে অবৈধ যানবাহন চলাচল করবে। পরিবহন নেতারা বলেন, রাস্তায় গাড়ি থেকে কোনো চাঁদা তোলা যাবে না। এ সময় ওবায়দুল কাদের বলেন, সরকারও সড়কে চাঁদাবাজি বন্ধ করতে চায়। যেকোনো মূল্যে চাঁদাবাজি বন্ধ করা হবে।

বিদ্যমান ভাড়ায় যাত্রী বহন করবে লঞ্চ

বিদ্যমান ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যা-প) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহম্মদ বীরবিক্রম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে কমডোর গোলাম সাদেক বলেন, রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু হবে। লঞ্চ মালিকেরা তাদের কিছু দাবি-দাওয়া দিয়েছেন তা সরকারের কাছে উপস্থাপন করব। ভাড়া বাড়ানোর বিষয়ে পরে আলোচনা হবে। এখন বিদ্যমান ভাড়ায় যাত্রী বহন করতে হবে। সার্ভে সনদ অনুযায়ী যাত্রী নিতে হবে। ভাড়া বৃদ্ধি নিয়ে কারিগরি কমিটি ১০ দিনের মধ্যে বৈঠক করবে। ঐ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।