দল থেকে বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করবেন মাহাথির মোহাম্মদ

আপডেট : ২৯ মে ২০২০, ২২:৫৪

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তাকে দল থেকে বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন। তার সঙ্গে আরো চার জনকে বহিষ্কার করা হয়েছিল বৃহস্পতিবার। বাকি সবাইও চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন। খবর আল জাজিরার

মাহাথির মোহাম্মদ (৯৪) জানিয়েছেন, তার ছেলেসহ দলের আরো তিন সিনিয়র সদস্যকে বহিষ্কার করা হয়েছে বারসাতু পার্টি থেকে। মাহাথিরসহ অন্য চার জন এক যৌথ বিবৃতিতে বলেছেন, মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে অস্থিতিশীল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। বৈধ কারণ ছাড়াই তিনি একা একা দলের এসব সদস্যদের বহিষ্কার করছেন। তিনি মূলত ভয় পাচ্ছেন যে, দলের মধ্যে নির্বাচন হলে জয়ী হতে পারবেন না। তিনি অনিরাপদ অবস্থানে আছেন। মাহাথিরের ছেলে মুখরিজ মাহাথির বহুদিন ধরেই দলের মধ্যে প্রেসিডেন্ট মুহিউদ্দিনের আস্থা প্রমাণের জন্য ভোট দাবি করে আসছেন। কিন্তু করোনা মহামারির মধ্যে সেই ভোটাভুটি স্থগিত করা হয়। গত ফেব্রুয়ারিতে মাহাথিরের প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ এবং তার পরিবর্তে রাজার প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিনকে নিয়োগ দেওয়ায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়।