রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর

আপডেট : ৩০ মে ২০২০, ০০:২৪

রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থার জন্য ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে গতকাল শুক্রবার পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেল (এনএসপিসি), বাংলাদেশ সেনাবাহিনী এবং রাশিয়ান পিপিএস কোম্পানি জেএসসি ইলিরনের মধ্যে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (ইপিসি) কন্ট্রাক্ট অ্যাগ্রিমেন্ট এর আওতায় ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত ইপিসি কন্ট্রাক্টের চুক্তি মূল্য ২৮৭.৪৯৭ (দুইশত সাতাশি দশমিক চার নয় সাত) মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৪২৩ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার ১০০ টাকা।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থার (পিপিএস) পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে প্রদান করেছে। বাংলাদেশ ও  রাশান ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত ইন্টার গভর্নমেন্টাল অ্যাগ্রিমেন্টের আওতায় স্বাক্ষরিত প্রটোকল অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ কার্যক্রম রাশান ফেডারেশনের বিশেষায়িত পিপিএস কোম্পানি জেএসসি ইলিরনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এনএসপিসি, বাংলাদেশ সেনাবাহিনী রাশান কোম্পানি জেএসসি ইলিরনের সহায়তায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নির্ধারিত সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে প্রত্যাশা করা যায়।—আইএসপিআর