আরিচা ঘাট ভাঙ্গন রোধে কাজ শুরু

আপডেট : ৩০ মে ২০২০, ০০:৪৮

মানিকগঞ্জের শিবালয় থানাধীন ঐতিহ্যবাহী আরিচা ঘাটে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে ঘাট এলাকার বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চলে গেছে নদী গর্ভে। বেশ কিছু ব্যবসায়ী তাদের দোকানের মালামাল সরিয়ে নিয়েছে। অব্যাহত ভাঙনে আতংকে রয়েছে বহু ব্যবসায়ী।

শুক্রবার নদী ভাঙ্গনের ঘটনাস্থলে সরেজমিন উপস্থিত হন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন, বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান লালন ফকির, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, শিবালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন, শিবালয় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সেলিম রেজা, সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ নদী ভাঙ্গন ঠেকাও আরিচা বাঁচাও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ। তারা আরিচা ঘাট এলাকা পরিদর্শন করেন। সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বলে বরাদ্দ করা জিও ব্যাগ ফেলার কাজের অগ্রগতি পর্যবে¶ণ করেন এবং কাজ সঠিক ভাবে করার জন্য নির্দেশ প্রদান করেন।

শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু জানান, শুক্রবার সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমকে আরিচা ঘাট ভাঙ্গনের তীব্রতার কথা জানানোর পর উপমন্ত্রী আশ্বস্ত করেছেন  যে আরিচা ঘাট রক্ষার জন্য যা কিছু করা দরকার তাই করা হবে। আরিচা ঘাট অবশ্যই টিকে থাকবে আতংকিত হবার দরকার নেই। যত দ্রুত সম্ভব নদী ভাঙ্গন রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/কেকে