আয়ে শীর্ষ
দশ খেলোয়াড়
রজার ফেদেরার ১০ কোটি ৬৩ লাখ ডলার টেনিস
ক্রিশ্চিয়ানো রোনালদো ১০ কোটি ৫০ লাখ ডলার ফুটবল
লিওনেল মেসি ১০ কোটি ৪০ লাখ ডলার ফুটবল
নেইমার ৯ কোটি ৫৫ লাখ ডলার ফুটবল
লেব্রন জেমস ৮ কোটি ৮২ লাখ ডলার বাস্কেটবল
স্টেফেন কারি ৭ কোটি ৪৪ লাখ ডলার বাস্কেটবল
কেভিন ডুরান্ট ৬ কোটি ৩৯ লাখ ডলার বাস্কেটবল
টাইগার উডস ৬ কোটি ২৩ লাখ ডলার গলফ
কার্ক কাজিন্স ৬ কোটি ৫ লাখ ডলার রাগবি
কার্সন ওয়েন্টজ ৫ কোটি ৯১ লাখ ডলার রাগবি
স্পোর্টস ডেস্ক
সময়ের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার বার্ষিক আয়ের ক্ষেত্রে লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোদের ছাড়িয়ে গেছেন। সমপ্রতি ফোর্বস সাময়িকীর হিসেবে শেষ এক বছরে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি।
১৯৯০ সালে প্রথমবারের মতো র্যাঙ্কিংটি চালু করে ফোর্বস সাময়িকী। গত শুক্রবার সাময়িকীটি ২০তম বারের মতো অর্থবছরে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে। এতে ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষে উঠে আসেন ফেদেরার। গেলো এ তালিকায় বছর পঞ্চম স্থানে ছিলেন সুইস এই টেনিস তারকা। শেষ এক বছরে ১০ কোটি ৬৩ লাখ ডলার আয় করেছেন তিনি, যার ১০ কোটিই এসেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দূতিয়ালি থেকে।
এদিকে গতবছর শীর্ষস্থানে উঠে আসা মেসি চলতি বছরে দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন। শেষ এক বছরে তিনি আয় করেছেন ১০ কোটি ৪০ লাখ ডলার। আর জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো শেষ অর্থবছরে ১০ কোটি ৫০ লাখ ডলার আয় করে দ্বিতীয় স্থানে আছেন। গেলো অর্থবছরেও একই অবস্থানে ছিলেন তিনি। তবে করোনা মহামারির কারণে শেষ তিন মাসে বেতন কাটা না পড়লে চলতি বছরেও হয়তো শীর্ষস্থানটা ধরে রাখতে পারতেন মেসি-রোনালদো।
তিন জনের পরের অবস্থানটা নেইমারের। পিএসজি তারকা নেইমার ৯ কোটি ৫৫ লাখ ডলার আয় করে আছেন চতুর্থ অবস্থানে। এরপর আছেন আমেরিকার বাস্কেটবল তারকা লেব্রন জেমস। তার আয় ৮ কোটি ৮২ লাখ ডলার। ৬ কোটি ২৩ লাখ ডলার আয় করে তালিকার অষ্টম স্থানে আছেন টাইগার উডস।
শীর্ষ দশে এক জনও নেই নারী খেলোয়াড়। তালিকাতেই আছেন মোটে দুই জন। ৩ কোটি ৭৪ লাখ ডলার আয় করে নাওমি ওসাকা আছেন তালিকার ২৯তম স্থানে। অন্যজন অনুমিতভাবেই সেরেনা উইলিয়ামস। ৩ কোটি ৬০ লাখ ডলার আয় নিয়ে তিনি আছেন তালিকার ৩৩তম স্থানে।
