প্রিমিয়ার লিগ নিয়ে এখনই সুখবর নেই

আপডেট : ৩০ মে ২০২০, ২০:৪৬

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের কারণে এক রাউন্ড পরই বন্ধ হয়ে গিয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই প্রতিযোগিতার ভাগ্যে কী ঘটবে, তা এখনো অজানা। এই বছর আদৌ প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে, নাকি পেশাদার ফুটবল লিগের মতোই এই মৌসুম বাতিল হবে, তা জানতেও অপেক্ষা ছাড়া উপায় নেই।

তবে এটুকু নিশ্চিত, করোনাকালীন দেশের ক্রিকেটাররা অধীর আগ্রহে তাকিয়ে আছেন প্রিমিয়ার লিগ সম্পর্কিত সংবাদের দিকে। কারণ সিংহভাগ ক্রিকেটারের রুটি-রুজির অবলম্বন প্রিমিয়ার লিগ। প্রায় আড়াই মাস পর আজ থেকে সচল হচ্ছে বিসিবি কার্যালয়। করোনার কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ। প্রিমিয়ার লিগের নিয়ন্ত্রক সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) অবশ্য সার্বিক পরিস্থিতির ওপর চোখ রাখছে। বিসিবির নির্দেশনার অপেক্ষায় রয়েছে।

সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন গতকাল বলেছেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে এখনই ভাবার সুযোগ কম। সার্বিক পরিস্থিতি দেখতে হবে। বিসিবির নির্দেশনা থাকবে। প্লেয়াররা কবে প্র্যাকটিস শুরু করতে পারেন, সেটাও বিষয়। করোনা পরিস্থিতির খুব আশাব্যঞ্জক উন্নতি হলে তারপর ক্লাবগুলোর সঙ্গে আলোচনার বিষয় আছে। এখনই কিছু বলা যাচ্ছে না।’