ইডেন কলেজের শিক্ষার্থী সাদিয়া নূর মিতা হত্যা মামলায় নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত আট আসামিকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন। নিম্ন আদালত ওই হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড, চার জনকে যাবজ্জীবন ও একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল।
আদালতে আসামিদের পক্ষে আইনজীবী এসএম শাহজাহান ও ফজলুল হক খান ফরিদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. মনিরুজ্জামান রুবেল শুনানি করেন। ডিএজি বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকায় আদালত সকল আসামিকে খালাস দিয়েছে। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
২০১০ সালের ৩০ আগস্ট গোপালগঞ্জের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন সাদিয়া নূর মিতা। পরে মিতার মরদেহ বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা লিয়াকত হোসেন মোল্লা গোপালগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মিতার চাচাতো বোন শ্রাবণী এবং চাচাতো ভাই মনি, জনিসহ আরও কয়েক জনকে আসামি করে পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। ঐ মামলায় ২০১৩ সালের ১৩ মার্চ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আসামি নিপুণ, মামুন ও ডগু খন্দকারকে মৃত্যুদণ্ড এবং তুষার কাজী, জনি, শ্রাবণী ও শেখ নাজমুলকে যাবজ্জীবন ও মনিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। পরে রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করে।
