করোনা উপসর্গ নিয়ে মৃত্যু
ইত্তেফাক রিপোর্ট
করোনার উপসর্গ নিয়ে মৃত ফটো সাংবাদিক মিজানুর রহমান খানের পরিবারকে ১ লাখ টাকার আর্থিক অনুদান ও উপহারসামগ্রী দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। গতকাল শনিবার বিকালে আইজিপির পক্ষ থেকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুর হাতে অনুদানের এ চেক তুলে দেন অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) এস এম রুহুল আমিন। এ সময় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিকাল সাড়ে চারটার দিকে ক্র্যাব কার্যালয়ে অনুদানের চেক মৃত ফটো সাংবাদিক মিজানুর রহমানের পরিবারের হাতে তুলে দেন ক্র্যাব নেতৃবৃন্দ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সাংবাদিকদের যে কোনো সংকটকালে পুলিশ সদর দপ্তর পাশে থেকেছে। এরই অংশ হিসাবে করোনা সংক্রমণে মারা যাওয়া সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছেন আইজিপি।
উল্লেখ্য, এর আগে করোনায় মারা যাওয়া তিন সাংবাদিকের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক অনুদান ও ঈদ উপহারসামগ্রী দেন আইজিপি। অনুদান পেয়ে সংশ্লিষ্ট পরিবারগুলো আইজিপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
