সড়কে বেড়েছে পিকআপ মাইক্রো-মোটরসাইকেল

আপডেট : ৩০ মে ২০২০, ২১:৩৩

ঝুঁকি নিয়ে কর্মস্থলে যাচ্ছে মানুষ

অভিজিত্ ঘোষ, ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে পিকআপ, প্রাইভেটকার, মাইক্রো ও মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে। গণপরিবহন বন্ধ, তাই ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ কর্মস্থল ঢাকায় যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু  সেতু দিয়ে ২২ হাজার গাড়ি পারাপার হয়েছে। সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, শুক্রবার (১৯ মে) সকাল ৬টা হতে শনিবার (২০ মে) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রাইভেটকার, মাইক্রো, পিকআপ, মোটরসাইকেল, পণ্যবাহী ট্রাকসহ ছোটো ছোটো ট্রাক মিলিয়ে পারাপার হয়েছে ২২ হাজারের অধিক গাড়ি। এর মধ্যে মাইক্রো-প্রাইভেটকার ৮ হাজার, মোটরসাইকেল হাজার এবং পিকআপ, পণ্যবাহী ট্রাকসহ ছোটো ছোটো ট্রাক পারাপার হয়েছে ৭ হাজার।  শনিবার (২০ মে) সরেজমিনে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের সেতু গোলচত্বর ও এলেঙ্গা বাসস্ট্যান্ড গিয়ে দেখা গেছে, শত শত মানুষ কর্মস্থলে যেতে সেখানে ভিড় করছেন। এছাড়া উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে মানুষজন কর্মস্থলে যাচ্ছেন মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রো ও পিকআপে করে। এর মধ্যে এলেঙ্গা  বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে অনেককে যেতে দেখা গেছে। অন্যদিকে মহাসড়কে অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মানুষ গন্তব্যে যাচ্ছেন। গাদাগাদি করে পিকআপ, মাইক্রোতে যাচ্ছেন তারা। তবে মহাসড়কের ভূঞাপুর লিংকরোডে হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছে। ঝুঁকি নিয়ে পিকআপে করে যাওয়া মানুষজনকে নামিয়ে দেওয়া হচ্ছে পথের মধ্যেই।

জানা গেছে, সরকার ঘোষিত দীর্ঘ দুই মাসের সাধারণ ছুটি শেষ হচ্ছে আগামীকাল। ছুটি শেষ হওয়ায় বিভিন্ন মাধ্যমে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে কর্মস্থলে যোগ দিতে পরিবার-পরিজন নিয়ে হাজার হাজার মানুষ যাচ্ছে ঢাকায়। যে যেমন পারছেন অসহায় মানুষজনের কাছ থেকে বাড়তি ভাড়া নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, শনিবার সকাল থেকেই মহাসড়কে ছোটো ছোটো যানবাহনের সংখ্যা বেড়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গ ছাড়াও টাঙ্গাইলের আশপাশের জেলার মানুষজন এই মহাসড়ক ব্যবহার কর্মস্থলে যাচ্ছেন বিভিন্ন মাধ্যমে। এতে মহাসড়কে প্রাইভেটকার, পিকআপ, পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল ও মাইক্রোর সংখ্যা বেশি।