স্প্যানিশ ফ্লু থেকে শিক্ষা

আপডেট : ৩০ মে ২০২০, ২১:৪৫

করোনা থেকে বাঁচতে হলে প্রায় ১০০ বছর আগে ঘটে যাওয়া ভয়ংকর মহামারি স্প্যানিশ ফ্লু থেকে শিক্ষা নিতে হবে। সেই মহামারির অন্যতম শিক্ষা ছিল যুদ্ধের শেষপর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখা। ইতিহাসে দেখা যায়, দ্রুত লকডাউন তথা জনগণের উপর আরোপিত নিয়ম-কানুন তোলায় ভয়ংকর আচরণ ধারণ করেছিল সেই সপ্যানিশ ফ্লু। করোনা মোকাবিলার ক্ষেত্রেও একই চিত্র পরিলক্ষিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনা এখনো তার সর্বোচ্চ অবস্থানে যায়নি। এর তাণ্ডব আরো চলবে। হু-র এই কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্তমান বিশ্ব সাধারণ জীবনে ফিরতে মরিয়া হচ্ছে। পরিণাম অবশ্যই সুখকর হবে না বলে ধরে নেওয়া যায়। বাংলাদেশের দিকে দৃষ্টি দিলে দেখব, টেস্ট বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যাও বাড়ছে। বর্তমানে বাংলাদেশে লকডাউনের যে অবস্থা তা যদি চলতে থাকে তবে আমাদেরকে অবশ্যই চরম মূল্য দিতে হবে। পৃথিবীর অনেক দেশের তুলনায় আমাদের ইমিউনিটি সিস্টেম খুবই দুর্বল। আমরা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশে বসবাস করছি। এখানকার এক বস্তিতে একসঙ্গে গাদাগাদি করে লাখ লাখ লোক বসবাস করে। প্রতিদিন হাজারো মানুষ রাস্তায় ঘুমায়। তার ওপর আমাদের স্বাস্থ্যখাত তেমন উন্নত নয়। এভাবে চলতে থাকলে হয়তোবা পরিস্থিতি পরিবর্তন করা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই সরকারের কাছে অনুরোধ করব দ্রুতই আবার লকডাউন কার্যকর করা হোক।

মো. আফসারুল আলম মামুন

পদার্থবিজ্ঞান ডিসিপ্লি­ন, খুলনা বিশ্ববিদ্যালয়