বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের

আপডেট : ৩০ মে ২০২০, ২২:৪০

নোভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থতার অভিযোগ এনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এমন ঘোষণা দেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। খবর সিএনএন ও রয়টার্সের

শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আজকের এ মহামারি নিয়ে আগে থেকে কাউকে কিছুই জানাতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ((ডব্লিউএইচও)। কীভাবে এ মহামারির মোকাবিলা করতে হবে সে বিষয়েও কিছু বলতে পারছে না। তাই ‘হু’র সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি আমরা।’ ‘হু’র জন্য যে অর্থ বরাদ্দ থাকত তা বিশ্ব জুড়ে অন্যান্য সংস্থা যারা করোনা মোকাবিলায় ও মানুষের স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে, তাদের দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ডব্লিউএইচওকে প্রতি বছর সবচেয়ে বেশি আর্থিক সাহায্য দিয়ে থাকে আমেরিকা। বছরে  ৩ হাজার কোটি টাকার বেশি দেওয়া হতো এ সংস্থাকে। এপ্রিলেই সেই তহবিল আটকে দেন ট্রাম্প। তিনি অভিযোগ করেছিলেন, সংস্থাটি চীনের পুতুলে পরিণত হয়েছে।

ট্রাম্পের সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ডব্লিউএইচওর এক মুখপাত্র সিএনএনকে বলেন, তাদের কোনো মন্তব্য নেই। এর আগে মে মাসের শুরুর দিকে ডব্লিউএইচওকে চিঠি দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, কোভিড-১৯ মোকাবিলায় ডব্লিউএইচও যদি ৩০ দিনের মধ্যে উন্নতি করার প্রতিশ্রুতি দিতে না পারে তাহলে যুক্তরাষ্ট্র ‘হু’কে দেওয়া অর্থায়ন স্থায়ীভাবে বন্ধ করে দেবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুল ভন ডের এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে এবং ভবিষ্যতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন।